বিস্তারিত

রাজনৈতিক আলাপের ‘ট্যাবু’ ভাঙার গল্পে নির্মিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি।
সিনেমার পরিচালক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। তিনি জানিয়েছেন, সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরের সনি স্কয়ার, উত্তরার সেন্টার পয়েন্ট ও চট্টগ্রামের বালি আর্কিডে সিনেমাটির ১৪টি শো চলবে।
প্রত্যাশার কথা জানিয়ে সানি বলেন, "চলচ্চিত্রটি তৈরি করা ছিল এক অদ্ভুত, কঠিন এবং সুন্দর অভিজ্ঞতা। এই সিনেমায় ভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি দর্শক সিনেমার সঙ্গে সংযোগ তৈরি করতে পারবে।"
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার পটভূমি চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে।
“রাজনৈতিক আলাপ যে জরুরি, আমরা এ সিনেমায় সেটিই তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আমাদের ইতিহাস জানতে হবে। আমরা গল্পটার মধ্যে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস বলার চেষ্টা করেছি।”
প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ।
এই লেখায় আপনার প্রতিক্রিয়া
একটি প্রতিক্রিয়া বেছে নিন; সরাতে আবার চাপুন।

