বিস্তারিত
ঢালিউডে নতুন এক চমক নিয়ে আসছে মেগাস্টার শাকিব খান ও নির্মাতা নুহাশ হুমায়ূনের প্রথম যৌথ প্রজেক্ট। গোপন সূত্রে জানা গেছে, এই জুটির প্রথম সিনেমার কাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।
পরিচালক নুহাশ হুমায়ূন জানান, “আমার সিনেমার শুটিং এপ্রিলে শুরু হবে। এই প্রজেক্ট নিয়ে অনেকদিন ধরে কাজ করছি—অন্তত চার-পাঁচ বছর হয়ে গেছে। স্ক্রিপ্টটা নিয়েই এতদিন সময় দিয়েছি। আমি আসলে চাই না যে, প্রতি ঈদেই আমার ছবি মুক্তি পাক। আমি ঘনঘন কাজ করতে চাই না—সময় নিয়ে নিজের মতো করে ভালো কাজ বানাতে চাই।”
যদিও পরিচালক আনুষ্ঠানিকভাবে সিনেমার নায়ক কে, তা এখনো প্রকাশ করেননি। তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই ছবিতে থাকছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান।
জানা গেছে, শাকিব খান মূলত এপ্রিল মাসে নির্মাতা অনন্য মামুনের ‘শের’ সিনেমার শিডিউল দিয়েছিলেন। তবে পরবর্তীতে সেই প্রজেক্টটি আপাতত স্থগিত রেখে নুহাশ হুমায়ূনের সিনেমাটিই বেছে নিয়েছেন। যদিও ‘শের’ সিনেমাটি তিনি পুরোপুরি বাতিল করেননি।
বর্তমানে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটি দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে। এরই মধ্যে তিনি ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু করেছেন, যা আসন্ন কোরবানির ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।
‘রকস্টার’-এর কাজ শেষ করেই নুহাশ হুমায়ূনের সিনেমায় যোগ দেওয়ার কথা রয়েছে এই তারকার। শাকিব খানের ব্যস্ত লাইনআপে আরও রয়েছে ‘রকস্টার’, ‘সোলজার’, ‘শের’, ‘তুফান ২’, ‘তাণ্ডব ২’, ‘প্রিন্স ২’ এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের একটি নতুন প্রজেক্ট।
অন্যদিকে, নির্মাতা নুহাশ হুমায়ূন ইতোমধ্যেই তার ভিন্নধর্মী কাজের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মশারী (Moshari)’, ‘পেটকাটা ষ (Pett Kata Shaw)’, ‘দুই শ’, ‘৭০০ টাকা’, ‘পিজ্জা ভাই’, ‘পেপারফ্রগস’ এবং ‘লিপস্টিক’। বিশেষ করে ‘মশারী’ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়।
সবকিছু ঠিকঠাক থাকলে, নুহাশ হুমায়ূনের এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি চলতি বছরেই, ঈদের বাইরেও যেকোনো সময়ে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
এই লেখায় আপনার প্রতিক্রিয়া
একটি প্রতিক্রিয়া বেছে নিন; সরাতে আবার চাপুন।

